কোয়ালিটির টানা তিন জয়, জিতলো শতদলও
ক্রীড়া প্রতিবেদক ॥
নিটল-টাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের প্রথম খেলায় গতকাল শতদল ক্লাব জিতেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় তারা ১-০
গোলে হারিয়েছে মাদারবাড়ী উদয়ন সংঘকে। শতদল এ খেলা নিয়ে পাঁচটি খেলায় অংশ
নিয়েছে। তারা পেয়েছে ৭ পয়েন্ট। অন্যদিকে মাদারবাড়ী উদয়ন সংঘ সমান খেলায় ৩
পয়েন্ট অর্জন করেছে। চারটি খেলায় হেরে এবং একটি ম্যাচ জিতলেও রেলিগেশনের
শংকায় আছে উদয়ন সংঘ। গতকাল বিজয়ী দল খেলার প্রথমার্ধে ১-০
গোলে এগিয়েছিল। এ অর্ধের ২৬ মিনিটে গোল পায় শতদল। একটি আক্রমণ থেকে দলের
পলাশ গোলমুখে ক্রস করেন। আরিফ তাতে হেড করে বল জালে জড়িয়ে দেন(১-০)।
এগিয়ে থাকে শকতল ক্লাব। উদয়ন সংঘ মাঝে মাঝে আক্রমণের চেষ্টা করলেও তা কোন
ফল আনেনি। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে আরেকবার এগিয়ে যাবার পরিস্থিতি সৃষ্টি
করেছিল শতদল ক্লাব। কিন্তু দুর্ভাগ্য তাদের। বক্সের ভেতর থেকে দু’দফার
আক্রমণ নস্যাৎ হয়ে যায়। একবার আরিফ গোলে শট নেন। বল লাগে বারে। ফিরতি বলে
আবার শট নেন এনামুল। তাও ফিরে আসে বারে লেগে। নিশ্চিত গোল থেকে রক্ষা পায়
উদয়ন। পরে জামিল কর্ণারের মাধ্যমে দলকে বাঁচান। ৩৮ মিনিটের সময় উদয়ন
আক্রমণে উঠে। বক্সের বাইরে থেকে মহিউদ্দিন রাসেলের তাক লাগানো শট বারের
কিছুটা উপর দিয়ে যায়। ৪০ মিনিটের সময় শতদলের আরিফের হেড কিপার ধরে নেন।
এরপর উল্লেখযোগ্য আর আক্রমন হয়নি। শতদল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
শতদল ক্লাব: মিথুন খলিফা, মো. ইমরোজ, মাহমুদ হাসান, মো.ফারুক, উজ্জ্বল হোসেন, মিলন পাইক (মো. সাব্বির), আরিফ হোসাইন, মো. এনামুল, মো. শামীম রেজা, মো. নুরু আলম, মো. পলাশ হোসেন।
মাদাবরবাড়ী উদয়ন সংঘ: ওমর শরীফ রিয়াদ, নাফিজ ইকবাল, রাসেল আলম, ইয়াকুব ইদু সোলে, মওদুদ আহমেদ, জামিল আহমেদ, মতিউর রহমান, জসিম মেহেদী, মো. রোমান (মো. মামুন), মহিউদ্দিন রাসেল,মো. সরফরাজ।
কোয়ালিটি স্পোর্টস-পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা
এম এ আজিজ স্টেডিয়ামে দিনের দ্বিতীয়
খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব মুন্নার গোলে নবাগত পটিয়া উপজেলা ক্রীড়া
সংস্থাকে পরাজিত করে। এনিয়ে টানা তিন খেলায় জয় পেল কোয়ালিটি। তারা পাঁচ
খেলায় ১০ পয়েন্ট নিয়ে মোহামেডান ব্লুজ ও বন্দর ক্রীড়া সমিতির সাথে দ্বিতীয়
স্থানে আছে। অন্যদিকে পাঁচ খেলায় পটিয়ার অর্জন ৫ পয়েন্ট।
টানা তৃতীয় জয় পেয়ে গত আসরের অষ্টম দল কোয়ালিটি স্পোর্টস ক্লাব শিরোপার প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের অবস্থান আরেকটু মজবুত করলো।
খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য
অমিমাংসিত। শুরু থেকে আক্রমণে ভরপুর এ খেলায় পটিয়ার দূর্ভাগ্য বলতে হবে।
বেশ কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয় তারা। খেলার ১৪ মিনিটে
পটিয়া আক্রমণে উঠে। সাজ্জাদ হোসেনের শট চলে যায় বাইরে। দু’মিনিট বাদে আবারো
আক্রমণ রচনা করে তারা। এবার আমজাদের শট মিস হয়। ৪৪ মিনিটে একটি ভালো সুযোগ
আসে পটিয়ার। আল আমিনের ক্রস থেকে হেড করেন আমজাদ। কিন্তু সে হেড ক্রসবারে
লেগে চলে আসে। কোয়ালিটিও এ অর্ধে আক্রমণ শানাতে চেষ্টা করে। কিন্তু পটিয়ার
রক্ষণভাগে এসে তা বাধা পায়। তাদের কয়েকটি গোলের প্রচেষ্টা পটিয়ার কিপার
প্রতিহত করেন ও দুটি বিপজ্জনক শট বাইরে চলে যায়। তবে দ্বিতীয়ার্ধের ২৪
মিনিটে গোল পেয়ে স্বস্তি পায় কোয়ালিটি ক্লাব। পরিকল্পিত আক্রমণ থেকে
অধিনায়ক ফরহাদের বাড়ানো বল বড় ডি-বক্সের বামে ফাঁকায় পেয়ে মুন্না বা পায়ের দূর্দান্ত শটে জালে পৌঁছে দেন (১-০)।
এর ৬ মিনিট পর কোয়ালিটির খোকনকে সরাসরি ঘুষি মারায় দায়ে পটিয়ার আল আমিন
লালকার্ড পেয়ে বহিষ্কৃত হলে বাকি সময় তাদের ১০ জন নিয়ে খেলতে হয়। অব্যাহত
চেষ্টার পর ৪০ মিনিটে সমতা আনার সুযোগ আসে পটিয়ার। ডি-বক্সে ডানপ্রান্ত থেকে রাকিবের জোরালে শট কোয়ালিটির কিপার মিলন কর্ণার করে প্রতিহত করে পটিয়াকে হতাশ করেন।
কোয়ালিটি স্পোর্টস ক্লাব: আবুল কাসেম মিলন, আকাশ সাহা, সোহেল রানা, মো. মুন্নু, সফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, মনসুর আহমেদ, মো. খোকন হোসেন (সজল আহমেদ), মো. সুফিল মিয়া, খায়রুল আলম মিন্টু, সৈকত মাহমুদ মুন্না।
পটিয়া উপজেলা: শাকিল আহমেদ, আল আমিন, শওকত ইমরান, জমির উদ্দিন, আতিকুর রকিব, নাসিরউদ্দিন, আমজাদ হোসেন, সরওয়ার হোসেন, সাজ্জাদ হোসেন, রিপন দাশ, মো.ফয়জুল্লাহ।
আজকের খেলা: মোহামেডান ব্লুজ-চসিক একাদশ (বিকাল ৩টা ১৫), ব্রাদার্স-বিসিআইসি (বিকাল ৫টা ১৫)।
দর্শকদের বোতল ছোঁড়াকে স্বাভাবিক বললেন ধোনি
কটকের বারাবটি স্টেডিয়ামে দর্শকদের
বোতল নিক্ষেপণে দু’দফায় খেলা বন্ধ থাকে প্রায় ৪০ মিনিটের ওপর। ভারতীয়
ক্রিকেটের জন্য অত্যন্ত তবে মাঠে বোতল উড়ে আসার এ ঘটনা ভারতীয় অধিনায়ক
মহেন্দ্র সিং ধোনির কাছে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তিনি বলছেন,‘এটা
খুব একটা সিরিয়াস ঘটনা নয়। বেশ কিছু দর্শক মাঠে বোতল ছুঁড়েছিলেন।
ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আম্পায়াররা খেলা সাময়িক স্থগিত
রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের খারাপ পারফরম্যান্সের জন্যই দর্শকরা
বোতল ছুঁড়ছিল। বেশ কিছু বোতল আজকে খুব বাজে জায়গায় চলেও এসেছিল। তবে পরের
দিকে শুধু মজার ছলেই দর্শকরা বোতল ছুঁড়ছিল। আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে
সিরিয়াসলি ভাবা উচিৎ। আমার মনে আছে,ভাইজাগে একটা ম্যাচে আমরা জেতার পরেও এইভাবে মাঠে বোতল উড়ে এসেছিল।’ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু’ প্লেসিস দর্শকদের এধরনের আচরণে অবাক। তিনি বলেছেন, ‘এই
ধরনের ঘটনা দেখতে ভাল লাগে না। ভারতে ৫৬ বছর ধরে খেলতে আসছি। কিন্তু এ
ধরনের ঘটনা কখনও দেখিনি। এটা ক্রিকেটের পক্ষে কখনই ভালো নয়। আশা করব
ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর মাঠে ঘটবে না।’
মেসির ভাই গ্রেফতার
অবৈধ অস্ত্র বহনের অভিযোগে
আর্জেন্টিনার পুলিশ আটক করেছে বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসির ভাই
ম্যাতিয়াস মেসিকে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম কাদেনা থ্রী নিউজ, ব্যাপারটি নিশ্চিত করে। স্থানীয় পুলিশ রোসারিও সিটিতে ট্রাফিক জ্যামে আটকে থাকা ম্যাতিয়াসের গাড়ির কাগজ-পত্র
দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। পরে পুলিশ গাড়ি তল্লাশি করতে চাইলে
মেসির ভাই বাধা দেন। অবশেষে পুলিশ বাধা উপেক্ষা করে গাড়ি তল্লাশি করে ও
পয়েন্ট ২২-ক্যালিবার পিস্তল খুঁজে পায়, যা
ম্যাতিয়াসের লাইসেন্সকৃত ছিল না। পরে তাকে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে
যাওয়া হয়। অবশ্য থানায় গিয়ে চার ঘণ্টা থাকার পর ছেড়ে দেওয়া হয় আর্জেন্টাইন
অধিনায়কের ভাইকে।
No comments:
Post a Comment