মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেলো চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়া। খসড়া অনুযায়ী- সম্পূর্ণ আলাদা অবকাঠামোতেই মেডিকেল বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হবে। আর বিদ্যমান চট্টগ্রাম মেডিকেল কলেজ আগের মতোই অটুট থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন- ২০১৫’ শীর্ষক এ আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। একই সাথে অনুমোদন দেয়া হয়েছে ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন- ২০১৫’
এর খসড়াও। এর আগে গত ২৩ মার্চ আইনের খসড়া দুটি নীতিগত অনুমোদনের জন্য
মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। তখন মন্ত্রিসভা কিছু নির্দেশনা দেয়। সেই
নির্দেশনা অনুসারে স্বাস্থ্য মন্ত্রণালয় খসড়াটি সংশোধন পূর্বক ভেটিং নিয়ে
মন্ত্রিসভায় উত্থাপন করে। যা গতকাল চূড়ান্ত অনুমোদন পেলো।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের অনুমোদনের এ তথ্য জানান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, শুরুতে
চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রস্তাব
থাকলেও পরে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আলাদা মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ দুই আইনের মাধ্যমে চট্টগ্রাম ও
রাজশাহীতে দুটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। আর রাজশাহী ও চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত মেডিকেল কলেজগুলো এ দুই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
অধিভুক্ত হবে। তিনি বলেন, ‘দুটি
মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হবে। তবে
ব্যতিক্রম রয়েছে নার্সিংয়ের ক্ষেত্রে। নার্সিংয়ের স্নাতক কোর্স
বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে।’
No comments:
Post a Comment